বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

0
বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-খ)৬) ধারা অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় পদটি শূন্য হয়। বিএনপি থেকে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ার পর দলীয় নিয়ম ও চর্চা অনুযায়ী মহাসচিব পদ ছেড়ে দেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর (এমএ) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি লাভ করেন।

উচ্চ মাধ্যমিক শেষ করার পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রিজভীর রাজনৈতিক জীবন শুরু হয়; তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠিত হলে তিনি তাতে যোগ দেন। পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় এ দায়িত্ব পালনের পাশাপাশি ২০২৬ সালের সংসদ নির্বাচনে তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। সম্প্রতি ২০২৬ সালের ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য করা হয়।