আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

0
আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিহত করতে তাঁরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে মোতায়েনকৃত সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এর অংশ হিসেবে ওই জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে।

মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বরত সদস্যদের সঙ্গে যুক্ত ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি (লাইভ) ফুটেজ সদর দপ্তর থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ফলে যেকোনো পরিস্থিতি দ্রুত মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হচ্ছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।