ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে জন্মদাত্রী মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় সীমান্ত সংলগ্ন মাঠ থেকে অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম শখের বানু (৫৫)। তিনি শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শখের বানুকে সেহরি বা সকালের খাবার দেওয়ার জন্য তার ছোট ছেলের স্ত্রী ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি শখের বানুর রক্তাক্ত নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। তার আর্তচিৎকারে আশপাশের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
হত্যাকাণ্ড সংঘটিত করার পরপরই অভিযুক্ত এখলাছ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী সীমান্ত এলাকার একটি মাঠ থেকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এখলাছ দীর্ঘদিন ধরে মাদকাশক্ত ছিল। নেশার টাকার জন্য সে প্রায়ই পরিবারে ঝামেলা করত। সকালে নেশার টাকা না পেয়ে নিজ মাকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার মাঠ থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।”
ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ঘাতক ছেলেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

