ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার ভয়াবহ যানজট: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও চালক

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার ভয়াবহ যানজট: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও চালক

কুমিল্লা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে আজ শনিবার দুপুর পর্যন্ত মহাসড়কে এই স্থবিরতা বজায় রয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজের কারণে এক পথ বন্ধ রাখার ফলে এই বিশাল পথজটের উৎপত্তি হয়।

আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনের একটি অংশ মারাত্মক ক্ষয়প্রাপ্ত হয়ে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শুক্রবার বেলা ১১টা থেকে ঢাকামুখী লেনের একাংশ বন্ধ রেখে মেরামতের কাজ শুরু করে।

একটি লেন বন্ধ থাকায় মহাসড়কের দুই লেনের সমস্ত যানবাহন পর্যায়ক্রমে একটিমাত্র গলি দিয়ে পার হতে বাধ্য হয়। ফলে যানজটের লেজ নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ও মেঘনা টোলপ্লাজা ছাড়িয়ে কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা এবং ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারে গিয়ে ঠেকেছে।

নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে চরম উৎকণ্ঠায় পড়েছেন অনেক বিদেশগামী যাত্রী। নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন পণ্যবাহী চালকেরা। ঢাকামুখী শত শত কাভার্ডভ্যান ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা স্থবির হয়ে থাকায় রাজধানীসহ বিভিন্ন স্থানে সময়মতো কাঁচামাল ও রফতানি পণ্য পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দাউদকান্দি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় এবং কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম জানান, সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে পলি ও কংক্রিট দিয়ে সেতু ঢালাইয়ের কাজ পরিচালনা করছে। মহাসড়ক পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক টহলে রয়েছে এবং এক লেনে নিয়ম মেনে গাড়ি চালনা নিশ্চিত করতে কাজ করছে। সংস্কারকাজ শেষ করে ক্ষতিগ্রস্ত অংশটি পুরোপুরি চলাচলের উপযোগী না করা পর্যন্ত সড়কে যানবাহনের গতি ধীর থাকবে বলে তারা ধারণা করছেন।