
অমর গুপ্তঃ দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সকাল পৌণে ৮টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের বাসষ্ট্যান্ড বটতলী নামক এলাকায়।
নিহত ফারহানা সাদিকা শিফা ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে এবং স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা বানুও একই স্কুলের আয়া পদে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় জানান, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড-বটতলী এলাকার সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) তাকে পিষ্ঠ করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ফারহানা সাদিকা শিফাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টা থেকে দুইঘণ্টা ব্যাপী ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের আশ্বাসে বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।
থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তার হেলপার (সহকারী) পলিয়ে গেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
